অর্থনৈতিক রিপোর্টার: নতুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, আশা করি এ বাজেট আমরা যেভাবে সাজিয়েছি, সেভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবো। আমাদের প্রত্যাশা হলো করোনা ভাইনাস বেশিদিন প্রলম্বিত হবে না। আমরা বিশ্বাস করি, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট আমরা বাস্তবায়ন করতে পারব। এজন্য বাজেটটি আমরা দিয়েছি।
শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এই প্রথম অর্থমন্ত্রী অনলাইনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন। গুলশানের বাসা থেকে মন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন। গণমাধ্যমকর্মীরা অনলাইনে তাকে প্রশ্ন করেন। প্রথা অনুযায়ী বাজেট পেশের পরের দিন অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। তবে এবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করলেন।








