স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্থানীয় পর্যায়ে মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাট (মুসক) অব্যাহতি সুবিধার মেয়াদ না বাড়ানোয় হুমকির মুখে পড়ছে দেশীয় মোটরসাইকেল শিল্প। করোনাকালে এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে মনে করছেন দেশীয় উদ্যোক্তারা।
তারা বলছেন, দেশীয় মোটরসাইকেলকে আমদানিকৃত মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হয়। এই সিদ্ধান্তটি এমন সময় নেওয়া হলো যখন বাংলাদেশে তৈরি মোটরসাইকেল বিশ্ববাজারে রপ্তানি শুরু হয়েছে, অভ্যন্তরীণ বাজারেও দাম কমেছে। এই অবস্থায় রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি আমদানি করা মোটরসাইকেলের প্রসার ঘটবে এবং দেশীয় মোটরসাইকেল শিল্পের অস্তিত্ব বিপন্ন হবে। এই খাতে বিনিয়োগ ও কর্মংস্থান বৃদ্ধি ব্যাহত হবে। এ অবস্থায় ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএমইএবি)।








