Monday, June 23, 2014

বরিশালে লাভজনক পেশা হিসেবে গড়ে উঠছে নার্সারি ব্যবসা

বরিশাল: বরিশাল নগরীতে পথ চলতে গিয়ে অনেক পথচারীর চোখ আটকে যায় রাস্তার পাশে সাজানো সারি সারি ফুল আর ফলের চারার দিকে। 
একজন বৃক্ষ প্রেমিক মাহমুদ বললেন, এসব গাছের সৌন্দর্য্য মুগ্ধ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই মুগ্ধতা থেকেই আমি নিজের বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়েছি। 
তিনি বলেন, এখন এই নগরীতে ঘরের বারান্দা, ছাদ এবং অফিসেও প্রচুর ফুলের টব শোভা পাচ্ছে। আর রাস্তার ডিভাইডারে বিভিন্ন ফুল ফলের গাছ নগরীর সৌন্দর্যকেও অনেক বাড়িয়েছে। বৃক্ষ প্রেমীদের চাহিদা মেটাতে বরিশাল শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে রাস্তার পাশে গড়ে উঠেছে অনেক ছোট ছোট নার্সারি। অনেকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নার্সারি ব্যবসা’কে। 
তাদের মধ্যে একজন রানা পাল। তিনি বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি নিয়ে মাত্র পনের হাত জায়গায় নার্সারি গড়ে তুলেছেন। 
তিনি জানান, ২০ থেকে ৩০ হাজার টাকা থাকলে এ ব্যবসা শুরু করা যায়। নার্সারি ছোট হলেও লাভ ভালোই হয়। 
পর পর তিন বছর বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় ১ম স্থান অধিকারী রানা পাল জানান, তার স্বপ্নের কথাও। তিনি বলেন, আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে বনসাই অ্যাসোসিয়েশন, খামারবাড়ি বা জনসেবামূলক কাজ করার। 
এই নার্সারি ব্যবসায়ী আরো জানান, পরিবেশ ভালো রাখছি দেখে সবাই এ পেশাকে সুদৃষ্টিতে দেখেন। 
নগরীর বিভিন্ন নার্সারিতে ক্যাকটাস, বনসাইসহ শোভাবর্ধক ফুল, ফল ও ঔষুধির বিভিন্ন চারা পাওয়া যায়। চারা লাগানোর জন্য টব এবং পোকামাকড় দমনের জন্য সারও পাওয়া যায় কিছু নার্সারিতে। যাদের নার্সারি একটু বড় তারা সরকারি-বেসরকারি অফিস সাজানোর দায়িত্ব পান।
ক্যাকটাস ভ্যালি পরিচর্যাকারী সুমন ও রুহুল জানান, বিভিন্ন মেলা বা অনুষ্ঠানে তার কাছ থেকে গাছ ভাড়া করে নিয়ে যান আয়োজকরা। মূলত মৌসুম অনুযায়ী গাছ বিক্রি হয়। শীতকালে ফুল আর বর্ষায় ফল বা অন্যান্য গাছের চারা বিক্রি হয় বেশি। তবে গোলাপ, বনসাই এবং ক্যাকটাস সারা বছরই থাকে বিক্রির তালিকায়। নগরীর বিভিন্ন নার্সারিতে দেখা যায়, ১০ টাকা দামের চারা যেমন আছে, তেমনি দুর্লভ কিছু চারা গাছের মূল্য ২০ হাজার টাকা পর্যন্ত। নার্সারিতে চারার সরবরাহ আসে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা ও যশোর থেকে। 
চারা কিনতে আসা গৃহিনী সুমাইয়া আক্তার বলেন, ফুটপাতে ময়লা-আবর্জনার চেয়ে ফুল গাছ থাকা অনেক ভালো। আর এসব নার্সারি থেকে আমরা সহজে ও কম দামে চারা কিনতে পারছি।

No comments:

Post a Comment